পাবনার সুজানগর পৌর বাজারে অভিযান চালিয়ে বাজারের তিনটি দোকান ও একজন মাছ ব্যবসায়ীকে ৭২হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে খান বেকারীকে ৫০হাজার টাকা, হোটেল কিংস সুইটস ও আল মদিনা বিরানি হাউজকে ১২হাজার টাকা এবং মহিদুল ইসলাম নামে একজন মাছ ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার ওই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওই খান বেকারীতে বেকারী পণ্যে মেয়াদ ও সঠিক পরিমাপ নির্ণয় না করে বেকারী পণ্য তৈরী তথা বিক্রি, হোটেল কিংস সুইটস ও আল মদিনা বিরানি হাউজে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং মাছ ব্যবসায়ী মহিদুল ইসলাম অবৈধভাবে চিংড়ি মাছে জেলি দিয়ে ওজন বাড়িয়ে বিক্রি করে আসছিল। ওইদিন দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি বিশেষ অভিযান পরিচালনা করে ওই তিনটি দোকান এবং মাছ ব্যবসায়ী মহিদুল ইসলামের কাছ থেকে ওই জরিমানা আদায় করেন। এ সময় সুজানগর থানার এসআই দীপু মন্ডল ও স্যানিটারী ইন্সপেক্টর মির্জা ইমতিয়াজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।