খুলনার পাইকগাছায় মোটরভ্যান থেকে পড়ে মনিরুল ইসলাম গাজী (৩১) নামের এক কথিত ভাইরাস ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার রাড়-লী ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমুছা গ্রামের আমজেদ গাজীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, যমজ দু’শিশু কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে সে রোড শিরিষ গাছের কথিত ভাইরাস পোকার সংক্রমিত ডাল কিনতে উপজেলার রাড়-লী এলাকায় যায়। দিনভর শিরিষ গাছের সংক্রমিত কথিত ভাইরাস পোকা সংগ্রহের পর বিকেলে মোটরভ্যান যোগে ফেরার পথিমধ্যে বোয়ালিয়া ব্রিজের উপর উঠার সময় ভ্যান থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধারণা করা হচ্ছে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জিয়া জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। মৃতের পরিবার ও স্বাস্থ্যকমপ্লেক্সর চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক জনিত কারণে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।