মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড গ্রহণ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আবদুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। ১১ ডিসেম্বর রোববার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে দুলাল পাটওয়ারীর হাতে মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড তুলে দেন। এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা প্রদর্শন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহান স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন। বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ চলমান রয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মাসিক ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।’ তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখে বিজয়ের ইতিহাস জানতে পারে, তাহলে তারা অনুপ্রাণিত হবে, জানবে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়। এসময় তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেদের যোগ্য করে তুলতে আহবান জানান।