শনিবার ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। গোলাপবাগ মাঠের সেই সমাবেশ ঘিরে বাগমারায় বিএনপি যেন কোন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিএনপি ও এর নেতৃত্বাধীন দলগুলো দেশকে অস্থিতিশীল করতে সর্বদায় অরাজকতা সৃষ্টি করছে।
ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে তৃণমূলের নেতাকর্মীরা যেন ঐক্যবদ্ধ হয়ে মিছিল-মিটিং করতে না পারে সে লক্ষ্যে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহ-দপ্তর সম্পাদক ও ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, কাছারি কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুবলীগ নেতা নাহিদ হাসান, সাবেক ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, জহুরুল ইসলাম, ইসমাইল হোসেন সান্টু, আবদুল মজিদ, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ হাসান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল বলেন, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বাগমারায় বিএনপি যেন কোন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে কারণে এমপি এনামুল হকের দিক নির্দেশনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সক্রিয় রয়েছে। তারা যেন কোন প্রকার মিছিল মিটিং করতে না পারে সে জন্য অবস্থান কর্মসূচি পালন করছি।