স্বাধীনতার দুইদিন পর ১৮ ডিসেম্বর ৭১ সালের ওই দিনে সৈয়দপুর হানাদার মুক্ত হয়। মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর দুর্বার আক্রমণে পর্যদস্ত হয়ে হানাদার পাক বাহিনী ও তাদের অবাঙ্গালী দোসর সৈয়দপুর শহরে জড়ো হয়ে দূর্ভেদ্য ব্যুহ গড়ে তোলে।
যৌথ বাহিনী নীলফামারী জেলার (তৎকালীন মহকুমা) ডোমার উপজেলার (তৎকালীন থানা) ভারতীয় সীমান্ত ক্যাম্প হিমকুমারী থেকে মিত্র বাহিনী নীলফামারী শহরের নটখানায় ক্যাম্প স্থাপন করে। এর আগেই বিনা লড়াইয়ে ১৩ ডিসেম্বর নীলফামারী শত্রু মুক্ত হয়।
১৮ ডিসেম্বর সকালে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী যৌথভাবে ট্যাংক বহর নিয়ে সৈয়দপুর শহরের ওয়াপদা এলাকায় অবস্থান নেয়। এর নেতৃত্বে ছিলেন মিত্র বাহিনীর কমান্ডার কর্নেল জোগল, মেজর কান্ত পাল, মুক্তি বাহিনীর ৬নং সেক্টরের সি সাব সেক্টরের কমান্ডার ক্যাপ্টেন ইকবাল ও মুক্তি বাহিনী দলের যুদ্ধকালীন কমান্ডার সামসুল হক সরকার। এ বহর থেকে মিত্র বাহিনী সৈয়দপুর সেনানিবাসে তার বার্তায় হানাদার পাকিস্তানী বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ পাঠানো হয়। এরপর বিনা বাঁধায় মিত্র বাহিনী সৈয়দপুর সেনানিবাসে প্রবেশ করে পাক বাহিনীকে নিরস্ত্র করে। এর পরই হানাদার মুক্ত হয় সৈয়দপুর।
১৬ ডিসেম্বর দেশ শত্রু মুক্ত হলে অবাঙ্গালী অধ্যুষিত সৈয়দপুরে বিজয় আসে দু’দিন পর ১৮ ডিসেম্বর। মুক্তি বাহিনী দলের তৎকালীন যুদ্ধকালীন এক কমান্ডার জানান রংপুর, দিনাজপুর, নীলফামারী ও পার্বতীপুর থেকে মার খেয়ে পাক বাহিনী সৈয়দপুর সেনানিবাসে আশ্রয় নেয়। এ সময় তাদের দোসর অবাঙ্গালী, রাজাকার, আলবদর ও আলসামস্ বাহিনী সৈয়দপুর শহরে জড়ো হয়। ফলে তাদের মোকাবেলার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বিজয়ের দু’দিন পর সৈয়দপুর প্রবেশ করে যৌথ বাহিনী। তবে যুদ্ধের সব প্রস্তুতি থাকলেও হানাদার পাক বাহিনী যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করে। বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার একরামুল হক সরকার জানান সৈয়দপুর হানাদারমুক্ত হওয়ার খবরে বিজয়ের আনন্দে মুক্তি পাগল হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। এদিন মুক্তিযুদ্ধের সংগঠক তৎকালীন আওয়ামী লীগ নেতা কাজী ওমর আলী আওয়ামী লীগ অফিস ও সৈয়দপুর পৌরসভায় স্বাধীন পতাকা উড়িয়ে দেন। এ সময় তিনিসহ মুক্তিযোদ্ধাদের একটি দল উপস্থিত ছিলেন। এখন অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান ১৮ ডিসেম্বর সৈয়দপুর হানাদার মুক্ত দিবস একটি ঐতিহাসিক দিন। এ দিবসটি বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে পালন করা উচিত কিন্তু স্বাধীনতার ৫১ বছর পরও দিনটি পালনে তারা নির্বিকার ভুমিকা রাখে। ফলে নিরবে নিভৃতে হারিয়ে যাচ্ছে মুক্ত দিবসের ঐতিহাসিক তাৎপর্য।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিন জানান,ওই দিন আমাদের কর্মসূচি হাতে নেয়া প্রয়োজন। কারণ যাদের পরিবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। ওই সময় যাদের পরিবার জীবন দিয়েছে। সেই পরিবারগুলো জানে মুক্তিযুদ্ধ কি। শহীদদের মর্যাদা এবং বীরমুক্তিযোদ্ধাদের আসন আমাদের কোথায় থাকা উচিৎ।
সৈয়দপুর বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলি জানান,স্বাধীনতা আমাদের বহু ত্যাগ তিতিক্ষার ফসল। লাল রক্তের বিনিময়ে এটিকে পাওয়া। এটির স্বপ্নদ্রষ্ঠা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরও জানান,সৈয়দপুর ছিল ভিন্ন। এখানে অবাঙ্গালীরা সব সময় বাঙ্গালিদের নির্যাতন ও অত্যাচার করতো। দিনে দুপুরে বাঙ্গালি ব্যবসায়িদের মালামাল লুট করতো। সেই দিনের ভয়াবহতার কথা মনে করলে চোখে ঘুম আসে না এখনও।