রাজশাহীর বাঘা পৌরসভার আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহণের দিন সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে করছেন। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরাও গণসংযোগ করছেন।
৮ জন মেয়র প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার বিকাল ৩টায় বাঘা পৌর বাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহিনুর রহমান পিন্টু। গণসংযোগ শেষে তার নিজ বাড়ি পৌরসভার গাওপাড়া মহল্লায় উঠান বৈঠক করেন। এ সময় শাহিনুর রহমান পিন্টু বলেন, ওয়ার্ড কাউন্সলর ও পৌরসভার প্যানেল মেয়র হিসেবে ৫ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। দায়িত্বে থাকা অবস্থায় পৌর এলাকায় নানা উন্নয়নসহ ভোটারদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করেছি। এ নির্বাচনে নৌকা প্রতীক বিজয় হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহায়তায় পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে উন্নত করা হবে।
উঠান বৈঠকে মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাছাই-বাছাই করে আমাকে নৌকা প্রতীক দিয়ে সম্মানীত করেছেন। আমি এ সম্মান ভোটারদের সহযোগিতায় অক্ষুন্ন রাখতে চাই, আপনার সবাই নৌকায় ভোট দিয়ে সহযোগিতা কামনা করছি।
এদিকে অন্য মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, বাঘা উপজেলা জামায়াতের আমির আবদুল নুহু সরকার, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বর্তমান মেয়র আবদুর রাজ্জাক, ইসরাফিল হোসেন গণসংযোগ করছেন। এ ছাড়া ৫৩ জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগ করছেন।
উল্লেখ্য, বাঘা পৌরসভার ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৬৯। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২, নারী ভোটার ১৫ হাজার ৮৫৭ জন।