রাজশাহীর বাঘায় পদ্মা নদীর ড্রেজিং কাজ চলছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির উদ্বোধনের মাধ্যমে এ কাজ শুরু করা হয়েছে।
জানা যায়, উপজেলায় ২৮ কিলোমিটার পদ্মানদী রয়েছে। এই পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ ভাঙন হতে রক্ষার জন্য ৭২২ কোটি ২৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়। প্রকল্প অনুমোদনের পর উপজেলার মীরগঞ্জ ও গোকুলপুর এবং চারঘাট উপজেলার ইউসুফপুর ও রাওথা এলাকায় ৪.৩ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা এবং উপজেলার আলাইপুর এলাকায় এক কিলোমিটার বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ৮০০ মিটার নদীতীর প্রতিরক্ষা পুনর্বাসনের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আলাইপুর থেকে চকরাজাপুর পর্যন্ত ১২.১ কিলোমিটার পদ্মা নদীর ড্রেজিং ১২টি ড্রেজার দিয়ে কাজ শুরু করা হয়েছে।
এ বিষয়ে পদ্মার তীরবর্তী গোকুলপুর গ্রামের রফিকুল ইসলাম ও নাপিতপাড়া গ্রামের ভানু বেগম বলেন, ভাঙনের কবলে পড়ে কয়েক বছরে পদ্মা নদীতে বিলীন হয়েছে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া অনেকেই ভাঙনে সর্বস্ব হারিয়ে সর্বহারা হয়েছেন। ভাঙনের কবল থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিং এর কাজ শুরু হয়েছে। এখন স্বস্তিতে রয়েছি। কাজ সম্পন্ন হলে আর কোন নদী ভাঙার সম্ভাবন নেই।
এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধঅয়ক প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতীর প্রতিরক্ষা কাজ, বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, নদীতীর প্রতিরক্ষা কাজ পুনর্বাসন, ড্রেজিং এর কাজ ১১টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। এ কাজের তত্বাবধায়ন করছি আমরা। কাজ ভাল হচ্ছে।