গাজীপুরের টঙ্গী গাজীপুরা তারাটেক্স বিডি-০১ লিমিটেড কারখানায় গতকাল রোববার দিনভর কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। সাময়িক বরখাস্তকৃত ৩ জন শ্রমিককে চাকরিতে পুর্ণ:বহাল এবং ৪ জন স্টাফকে বহিস্কারের দাবিতে শ্রমিকরা একর্মবিরতি পালন করেন।
টঙ্গী শিল্প পুলিশ জানায়, কারখানার সুইং অপারেটর জসিম উদ্দিন, রাসেল মিয়া ও রতœাকে গত ২৬ নভেম্বর অসৎ আচরণের দায়ে সাময়িক বরখাস্তসহ শোকজ নোটিশ প্রদান করে এবং ৭ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করেন। গতকাল সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে বরখাস্তকৃত তিন শ্রমিককে পুর্ণ:বহাল ও কারখানার জিএম মহসিন, আইই নাজমুল, পিএম জাহিদ হোসেন ও কিউআই ইউসুফকে বহিস্কারের দাবি জানায়। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ বরখাস্তকৃত তিন শ্রমিককে কাজে যোগদানের অনুমতি দেয় এবং চার স্টাফের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানায়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে এবং বর্ণিত স্টাফদের কারখানা থেকে বহিস্কার না করা পর্যন্ত তারা কাজে যোগ দেবে না বলে জানায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন।
একপর্যায়ে ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির হোসেন মোল্লা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লেবার-ইন্সপেক্টর মাকসুদুর রহমান, বিজিএমইএ এর ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রতিনিধি রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকায় বিকেল সোয়া ৪টার দিকে কোনো সমাধান ছাড়াই তারা কারখানা ত্যাগ করেন।
এব্যাপারে টঙ্গী শিল্প পুলিশের এসআই নুরুজ্জামান বলেন, আমরা সকলে মিলে শ্রমিকদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা তাদের দাবিতে অনড় থাকায় কোনো সমাধান করা সম্ভব হয়নি।