বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহীতে বিএনপি সেমিফাইনাল খেলার ঘোষণা দিয়েছিল, সাত দিন চেষ্টা করেও তেমন লোক জড়ো করতে পারেনি। আমরা ড্রোনে তোলা ছবিতে দেখেছি, বিএনপির সমাবেশের মাঠ ছিল ফাঁকা ফাঁকা। এই বাহাদুরি নিয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গিয়ে ফাইনাল খেলবেন এবং তারপর থেকে আপনাদের (বিএনপি) কথামতো দেশ চলবে-এটি মুর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয়। বিএনপির এই দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না। এছাড়াও ১০ ডিসেম্বর আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন, বিএনপি কোন অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাৎক্ষণিক দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।’
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ৭ বছর পর উৎসব মুখর পরিবেশে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধক বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, এমপি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, আওয়ামী লীগ জনগণের রায়ে ক্ষমতায় আছে। আমরা কারো দয়ায় ক্ষমতায় নেই। বিশে^র উন্নত দেশে যেভাবে ক্ষমতাশীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়, ঠিক সেইভাবে বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপি যদি না আসে তাহলে, বিএনপিকে তার খেসরাত দিতে হবে।
লিটন আরো বলেন, তারেক জিয়া লন্ডনে বসে দিনের পর দিন ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, যিনি নিজেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, যে স্বপ্ন কোনদিন পূরণ হবে না। সেই তারেক জিয়া বিশ^কাপ ফুটবলে বড় জুয়ারী হিসেবে নিজের নাম লিখিয়েছে, এটা কতবড় লজ্জার।
রাসিক মেয়র লিটন আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বছরে চার কোটি মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবার আন্তরিক প্রচেষ্টায় কৃষক-শ্রমিকের ঘামে-শ্রমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।
রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. তাজবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবদুল লতিফ তারিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বাবু।
এরআগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।