নওগাঁর পত্নীতলায় শনিবার বিকেল ৪টায় শিক্ষা, সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ৫জন গুনিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠির উদ্যোগে উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীতে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় এবং কথা সাহিত্যিক অধ্যক্ষ প্রফেসর (অব:) ড. আবুল হায়াত ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামইরহাট-পত্নীতলা আসনের মাননীয় সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. শহীদণজ্জামান সরকার। কর্মসূচীতে প্রায় ৩শতাধিক সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শিক্ষা, সাহিত্য ও গবেষনায় বিশেষ অবদানের জন্য সংবর্ধিত গুনিজনরা হলেন নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ মো. ময়েজ উদ্দিন, বগুড়ার সরকারি মজিবর রহমান মহিলা কলেজের অবঃ অধ্যাপক, কবি ও শিক্ষাবিদ আতাউল হক সিদ্দিকী, যশোহর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও রাজশাহী কবি কুঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি কবি রুহুল আমিন প্রামানিক, বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি ও কথা সাহিত্যিক সাইফুল ইসলাম (মরণোত্তর) এবং উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম। প্রধান অতিথি গুনিজনদের উত্তরণী পরিয়ে দেন এবং সম্মাননা প্রদান করেন। এ সময় অধ্যাপক সাইফুল ইসলামের পক্ষে সম্মাননা গ্রহণ করেন কবি কন্যা শ্রাবন্তী। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ, রাইগাঁ ইউপি চেয়ারম্যান ও কবি আরিফুর রহমান, কথা সাহিত্যিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। অতিথিবৃন্দ পত্নীতলা উপজেলায় শিল্প ও সাহিত্যের প্রসারে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
এর আগে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নব-নির্বাচিত কমিটির অভিষেক এবং প্রধান অতিথি কথা সাহিত্যিক ড. আবুল হায়াত ইসমাইল এর ১টি, আবু হেনা মোস্তফা কামালের ১টি এবং কবি আহম্মদ হোসেন বাবু এর ৩টি কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন করেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর এ ধরণের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আয়োজক কর্ত্তৃপক্ষ জানান।