গাজীপুরের কাপাসিয়ায় শিয়ালের কামড়ে মা মেয়েসহ পাঁচ জন আহতের সংবাদ পাওয়া গেছে। উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে শুক্রবার বিকালে ঘটেছে এ ঘটনা।
জানা গেছে, সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে হুমায়ূনের বাড়ির পাশে মাঠে খেলার সময় শুক্রবার বিকালে হঠাৎ করে একদল শিয়াল এসে শিশুদের কামড়াতে থাকে। চারজনকে কামড়ানোর সময় শিশুরা চিৎকার করতে থাকে। এ সময় পাশে থাকা এক মহিলা তাদেরকে শিয়ালের আক্রমণ থেকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও কামড়ায়। আশে পাশের লোকজন শিয়ালের কামড়ের সংবাদ পেয়ে এগিয়ে গেলে শেয়ালগুলো পালিয়ে যায়। শিয়ালের কামড়ে এ সময় খালেকের মেয়ে সুমাইয়া (৮), ফালুর স্ত্রী আয়েশা বেগম (৪০) ও একই এলাকার রাসেলের ছেলে রায়হান (৯), ফাহিম (১২) ও শাজাহানের ছেলে রাকিব (১০) স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়েছে। এ ঘটনায় এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মাসুদ মেহেদী জানান, শিয়ালের কামড়ে শিশুসহ তিন জন আহতের ঘটনায় এলাকায় শিশুসহ সাধারণ মানুষের মধ্যে শিয়াল আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকউদ্দিন লিটন বলেন, শিয়ালের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া পনেরো থেকে বিশটি ছাগলকে কামড়ে আহত করেছে। এ ঘটনায় এলাকার রাস্তায় চলাচলে শিয়াল আতঙ্ক বিরাজ করছে।