রাজশাহীর বাঘায় বারান্দায় পড়ে থাকা সেই বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৬৫) মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে ওঠে। কিন্তু বুধবার সকাল ৭টা পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ তার বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখেন আম্বিয়া বেগম বারান্দায় চকির ওপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন তারা মৃতাবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে নাজিম-আম্বিয়া দম্পতির নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী গত ১৫ নভেম্বর আত্মহত্যার কয়েক দিন পর থেকে ঠিকমতো ইমন বাড়িতে থাকে না। এ নিয়ে নাজিম-আম্বিয়া দম্পতি মানসিক চাপে ছিল বলে স্থানীয়রা জানান। নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামানও বছর তিনেক আগে আত্মহত্যা করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে তারা আত্মহত্যা করতে পারে।