বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে বিস্ফোরক মামলার আসামি বিএনপি নেতা আবদুল মজিদ(৪০) কে আটক করে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিস্ফোরক মামলার আসামী। শেরপুর থানা পুলিশ ১ ডিসেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের দলীয় পরিচিতি সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মিছিল নিয়ে শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড দুবলাগাড়ী এলাকার মধ্যে দিয়ে তারা শহরে আসছিল। এ সময় হাসপাতাল এলাকার মোজাহার আলী স্মৃতি সংসদের সামনে পৌছালে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মারধর করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মাসুদ রানা লিটন বাদি হয়ে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, বিস্ফোরক মামলায় বিএনপি নেতাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।