নওগাঁর মহাদেবপুরের সাংবাদিক আক্কাস আলী (৫০) সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
আক্কাসের বড় ভাই আফজাল হোসেন জানান, সম্প্রতি সাংবাদিক আক্কাস পরিবারসহ রাজশাহী শহরে বসবাস করে আসছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য গত রোববার দুপুরে তিনি রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুর আসার পথে মান্দা উপজেলার জয়বাংলার মোড় নামক স্থানে পিছন দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলের চালক মারাত্মক আহত হন। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় আক্কাসকে উদ্ধার করে রাজশাহী পাঠান। সেখানে লক্ষ্মীপুর মোড়ে বসুন্ধরা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। তার বাম পায়ের চার জায়গায় ও মাজার হাড় ভেঙ্গে গেছে। এ ছাড়া মাথা থেতলে গেছে ও বুকে আঘাত লেগেছে। পরদিন দুপুরে তার জ্ঞান ফেরে। গত ৪৮ ঘন্টায় তার অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার বিকেলে এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত আক্কাসকে দেখতে ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দিতে সোমবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার ১০ নেতা রাজশাহী যান। তারা সেখানে বসুন্ধরা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আক্কাসের শয্যাপাশে কিছু সময় কাটান। তার সবশেষ শারীরীক অবস্থার ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহত আক্কাস এই সংগঠনের সহ-সভাপতি। রাজশাহীতে যান সভাপতি বরুণ মজুমদার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খোকন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সদস্য গোলাম রসুল বাবু, কিউ, এম, সাঈদ টিটো, আজাদুল ইসলাম আজাদ, কাজী সামছুজ্জোহা মিলন ও মাহবুব হোসেন।