খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল আজিজ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শিরোমনীর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া আবদুল আজিজ খুলনা নগরীর আজম খান কমার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কলেজছাত্র আবদুল আজিজ সকালের দিকে শিরোমনি রেললাইন এলাকায়
ঘোরাঘুরি করছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, ওই যুবক মোবাইল সেট নিয়ে সকালে খুব বিব্রত অবস্থায় রেললাইনের ধারে ঘোরাঘুরি করছিলেন। যখন ট্রেন আসে তখন তিনি রেল লাইনের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে সরে যেতে বললেও তিনি কথা শোনেননি। একপর্যায়ে ট্রেনে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও রেল পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি খবির উদ্দিন বলেন, কি কারণে ওই যুবক রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল সেটি স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।