নওগাঁর বদলগাছীর চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলায় পাঁচ ভাইসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়া তিন জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বদলগাছি উপজেলার দুর্গাপুর গ্রামের কামরুজ্জামান, তার চার ভাই ওয়াহেদ আলী, সামসুজ্জামান, রকেট ও ডাবলু, একই গ্রামের আবদুল হামিদ, এনামুল হক, মোশাররফ হোসেন, বজলুর রহমান ও এমদাদুল হক। রায় ঘোষণার সময় কামরুজ্জামান, ওয়াহেদ আলী ও সামসুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।
খালাস পাওয়া তিনজন হলেন দণ্ডপ্রাপ্ত বজলুর রহমানের স্ত্রী করিমা বেগম, এনামুলের স্ত্রী জলি আক্তার ও দুর্গাপুর গ্রামের হবিবরের ছেলে মো. জীবন।
আদালত সূত্র জানায়, বদলগাছী উপজেলার দুর্গাপুর গ্রামের একটি গভীর নলকূপের মালিকানার জেরে ২০১৩ সালের ৯ মে প্রতিপক্ষরা উজ্জ্বল হোসেনসহ চারজনকে পিটিয়ে আহত করেন। ঘটনার চার দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল মারা যান। এ ঘটনায় ২০১৩ সালের ১০ মে দুর্গাপুর গ্রামের গভীর নলকূপ সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৫ সেপ্টেম্বর বদলগাছী থানার এসআই লেলিন আলমগীর ১৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুল বারী।