মহাদেবপুর ও পত্নীতলার পর এবার বদলগাছী ও নওগাঁ সদরেও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। এতে ছাত্রলীগের দুই সদস্য আহত হয়েছেন। এই দুই ঘটনায় দুশ’ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আট জনকে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় আস্তান মোল্লা ডিগ্রি কলেজের সামনের সড়কে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি বলেন, বিশ্বকাপের খেলা দেখে ছাত্রলীগের ২৫/২৬ জন নেতাকর্মী ১২টি মোটরসাইকেলযোগে শহরের সরিষাহাটি মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাবার সময় দুষ্কৃতকারীরা তাদের উপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে জেলা ছাত্রলীগের নেতা মোশাররফ হোসেন ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এম বিশাল সরদার আহত হন। তাঁদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই হামলা বিএনপি-জামায়াতের চক্রান্ত।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান মাহিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। মঙ্গলবার গভীর রাতে জেলা ছাত্রলীগের নেতা মোশাররফ হোসেন বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি দেওয়ান ফারুক, মামুন বিন ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে নেতা-কর্মীরা যাতে অংশ নিতে না পারেন, সে উদ্দেশ্যে আওয়ামী লীগ এই মিথ্যা মামলা সাজিয়েছে। এর আগেও একই উদ্দেশ্যে রাণীনগর, আত্রাই, পত্নীতলা, সাপাহার ও মহাদেবপুর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা করেছে আওয়ামী লীগ।
এদিকে মঙ্গলবার দুপুরে নওগাঁর বদলগাছীতেও একই কায়দায় আওয়ামী লীগের শোক র্যালিতে ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগে থানায় দেড়শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ বিএনপির আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আটকরা হলেন, মামুনুর রশিদ বাবু (৫০), বাবুল হোসেন মন্ডল (৫০), শিহাবুল ইসলাম (২৭) সহিদুল ইসলাম (৬০), আবদুর রাজ্জাক (৪০), আবুল কালাম আজাদ (৬৩), রবিউল হাসান (৩৫) ও আবু রায়হান (৪০)।
বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) রায়হান হোসেন জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ২টার পর উপজেলা যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সড়ক দুর্ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা স্বাধীনের শোক র্যালি বের করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু বলেন, ‘আমি আরচা স্কুলে একটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপির সঙ্গে ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানিনা।’
ঘটনার সঙ্গে সঙ্গেই ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।
তবে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশকে সফল করতে আমার বাসায় প্রস্তুতি সভা চলছিল। যথারীতি সভা শেষে দুপুরের খাওয়া দাওয়া চলছে। এমন সময় মেইন সড়কে যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ পটকা ফুটিয়ে আমার দলের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যা অত্যন্ত দু:খজনক।’
উল্লেখ্য, এর আগে সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।