কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, কটিয়াদী সহ কিশোরগঞ্জের সবকটি উপজেলায় শতাধিক ইট ভাটার মধ্যে কয়লার দাম বেশি হওয়ার কারণে এক তৃতীয়াংশ বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। জানা যায়, গত ১৫ দিন আগে ইন্দোনেশিয়ার ইট পুড়ানোর যে কয়লার দাম ২৫ হাজার টাকা টন ছিল সেই কয়লা বর্তমানে ৩৫ হাজার টাকা টন ছেড়ে গেছে বলে অনেক ইট ভাটার মালিকরা বিপাকে পড়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, কয়লার দাম যে হারে বেড়েছে প্রতি ইটের পুড়ানো পর্যন্ত খরচ প্রায় ১২ টাকা গিয়ে পড়বে। কাঁচা ইট ও জ¦ালানি তেল, শ্রমিকের মজুরী সহ ৫ টাকা ৮০ পয়সা পর্যন্ত পড়বে বলে অনেক ইট ভাটার মালিক জানিয়েছেন। এ ছাড়া মালিকরা বর্তমানে প্রতি হাজার ইট ১২ হাজার টাকায় বিক্রি করছেন। এতে তাদের লোকসান গুণতে হচ্ছে। ফলে এই শিল্প একে বারে ধ্বংসের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। বাজিতপুর মেসার্স মামুন বিক্স এর মালিক পক্ষের লোকজন জানান, তাদের প্রতি হাজার ইটে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা এখন থেকেই লোকসান গুণতে হচ্ছে। এর ফলে হাওর এলাকার জনগণ ইট দিয়ে বাড়ী ঘর করা কঠিন হয়ে দাঁড়িয়ে পড়বে বলে মন্তব্য করেন। অন্য দিকে সরকারী কাজে বিভিন্ন উন্নয়ন কাজ করার ঠিকাদাররা ও লোকসানের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি ইট ভাটার কয়লা দাম কমানো না যায় তাহলে এই শিল্প স্থবির হয়ে যাবে। ইট ভাটার মালিকদের সরকারের কাছে দাবি কয়লার কমালে হয়তো তারা কিছুটা লোকসানের হাত থেকে বেচে যাবেন।