বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির নেতারা ১০ ডিসেম্বর সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছেন। ১০ ডিসেম্বর থেকে নাকি বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করবেন। যিনি এতিমদের টাকা মেরে খেয়ে সাজা ভোগ করছেন। আবার একুশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত তাঁদের নেতা তারেক রহমান নাকি ১০ তারিখের পর বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব নেবেন। প্রকৃতপক্ষে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই। কোনো ভালো মানুষ নেই বলে তাঁরা সাজাপ্রাপ্ত নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে চান।’
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির অপরাজনীতি আমাদের মোকাবিলা করতে হবে। তাঁরা অপপ্রচার চালিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সাম্প্রদায়িক শক্তির মদদ নিয়ে তারা আবারও ক্ষমতায় যেতে চায়। তাদের অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে বোঝাতে হবে। বিএনপির অপশাসনের কথা মানুষের স্মরণ করাতে হবে।’
রাজপথে থেকে বিএনপির অপরাজনীতিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ফখরুল প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা নাকি দেশ ছেড়ে পালাব। তার উদ্দেশে বলতে চাই, আমরা বীরের জাতি। আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাঁরা লড়াই করতে জানে, পালাতে জানে না। জনগণের আঘাত আসলে আমরা রাজপথে থেকে মানুষকে রক্ষা করব।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংলান্ড ও জামার্নির মতো রাষ্ট্র আজকে কুপোকাত হয়ে পড়েছে। ইংলান্ড সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য দুই বেলা রেশনিং চালু করেছে। সেখানে বাংলাদেলের জনগণ তিন বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। তারপরেও বিএনপি-জামায়াত অপশক্তি অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানুষকে সঠিক তথ্য জানাতে হবে।’
নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন প্রমুখ। গত রবিরার দুপুর সাড়ে ১২ টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন (সাচ্চু)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান।
নওজোয়ান মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নওগাঁ সার্কিট হাউসে সম্মেলনে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল পর্ব শুরু হয়।