নওগাঁয় পত্নীতলায় শনিবার রাতে নজিপুর পৌর এলাকার মামুদপুর মোড়ে দুর্বুত্ত কর্ত্তৃক আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগে ৯জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ আরো অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে পত্নীতলা থানায় মামলা হয়েছে। ২০ নভেম্বর রোববার রাতে নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাণেশ্বর হালদার (৮২) বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪ তৎসহ পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৪২৭/১১৪/৩৪ ধারায় মামলা করেন। যার মামলা নং-২৬/৪০৬। মামলার আসামিরা হলেন ১। নজিপুর সরদার পাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন চৌধুরীর ছেলে আবু তাহের চৌধুরী মন্টু (৪৮), ২। মৃত মিজানুর রহমানের ছেলে মো. বায়েজীদ রহমান শাহীন (৪২), ৩। নজিপুর পুরাতন বাজারের মো. শাহাজানের পুত্র মো. আঃ কাদের (৪০), ৪। হরিরামপুর গ্রামের মৃত ওসমান আলীর পুত্র ওবায়দুল ইসলাম নান্টু (৪৫), ৫। বকুল মিস্ত্রীর পুত্র মো. রনি হোসেন (৩০), ৬। নজিপুর পৌরসভার মৃত আবদুস সামাদের পুত্র মো. শাহির হোসেন শিপু (৩৫), ৭। হরিরামপুর গ্রামের মৃত জিয়াউর রহমানের পুত্র উজ্জ্বল হোসেন (৩৫), ৮। কলোনি পাড়া গ্রামের মো. মাহবুব আলম (৪৮), ৯। পত্নীতলা গ্রামের মহির মোল্লার পুত্র মো. আমিনুল ইসলাম (৪৫) সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫জন।
বাদীর প্রদত্ত এজাহার সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর রাত্রী অনুমান ১২.৪৫ ঘটিকায় আসামিরা পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার মামুদপুর মোড়ে রাস্তার উত্তর পার্শ্বে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া অনধিকার বলে অফিসে প্রবেশ পূর্বক ভাংচুর করিয়া ক্ষতি সাধন হুকুম এবং বিস্ফোরক দ্রব্য নিজ দখলে রাখিয়া বিস্ফোরক ঘটিয়া ত্রাস সৃষ্টি অপরাধ সংঘঠিত করে এবং অনুমান পঞ্চাশ হাজার টাকার ক্ষতিসাধন করে।
এ বিষয়ে পত্নীতলা থানা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই দলীয় অফিসে ভাঙচুর চালিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা যাতে অংশ নিতে না পারে, সেই উদ্দেশ্যেই আওয়ামী লীগ এই মিথ্যা মামলা সাজিয়েছে।
পত্নীতলা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা দৈনিক জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।