নওগাঁর মহাদেবপুরে মহিষবাহী ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে মোমিনুল ইসলাম সুইট (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জেলার সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। রোববার (২০ নভেম্বর) সকালে উপজেলার মহাদেবপুর-সতিহাট পাকা সড়কের উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের পিতা জানান, দীর্ঘদিন ধরে তারা পরিবারসহ রাজশাহী শহরের শাহমখদুম থানার বনগ্রাম রায়পাড়া এলাকায় বসবাস করে আসছেন। রোববার সকালে সুইট তার নানাবাড়ি মহাদেবপুর উপজেলার গুপিনাথপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। পথিমধ্যে সকাল সাড়ে ৭টায় দোহালী গ্রামের প্রহল্লাদের বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মহিষবাহী ভুটভুটি তাকে চাপা দেয়। এতে সুইট মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, থানা পুলিশ ঘাতক ভুটভুটিটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।