রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর। এ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চান বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু।
আওয়ামী লীগের মনোনয়নে মেয়র পদে নির্বাচিত হয়ে পৌরসভাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত মডেল পৌরসভা রূপান্তর করতে চান। তিনি ইতোমধ্যে মোটরসাইকেল শোভাযাত্রা ও পৌরসভার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে পাড়া মহল্লায় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।
শাহিনুর রহমান পিন্টু বলেন, আমি করোনাকালে ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে বাঘা পৌরসভার মেয়র পদটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। জননেত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় বাঘা পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বাঘাকে মডেল ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলব।
এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুরুজ্জামান সুরুজ।
পিন্টু বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয়, তাহলে আমিই আওয়ামী লীগের মনোনয়ন পাব।
তিনি আরও বলেন, পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। পৌরসভার কিছু কাজ অসমাপ্ত রয়েছে, সেই কাজ সম্পূন্ন করতে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। দল আমাকে মনোনীত করলে নিশ্চয় বিজয়ী হব।