অপহরণ করে মেয়েদের সাথে নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায় চক্রের চার সদস্যকে নওগাঁ থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় একজন ভূক্তভোগিকে উদ্ধার করা হয়। আটকরা হলেন, নওগাঁ শহরের পাটালির মোড় এলাকার আবদুর রহিমের ছেলে দুলাল হোসেন (৩৮), লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন হিরা (৩৬), সদর উপজেলার কাঠখৈইর গ্রামের তাহের আলীর ছেলে হুজুর আলী (৪০) ও হাট-নওগাঁ এলাকার আক্তারুল জামানের ছেলে মেহেদী হাসান রনি (২০)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিন্ডিকেটের ৮-১০ জন সদস্য দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপহরণ করে সিন্ডিকেটের মূল হোতা দুলাল হোসেনের ভাড়া বাসায় আটকে রেখে বিভিন্ন মেয়েদের সাথে নগ্ন ছবি তুলে মুক্তিপণ দাবি আদায় করতো। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ভিকটিম আবদুস সামাদকে জমির কাগজ দেখানোর নাম করে দুলাল হোসেন ও হুজুর আলী ওরফে ভুনা অপহরণকারী দুলালের বাসায় নিয়ে আসে। এরপর ভিকটিমকে এক নারীর সাথে নগ্ন ছবি তুলে ও ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ভিকটিমের আত্মীয় স্বজনের কাছে বিলিয়ে দেওয়ার নাম করে তার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এরপর মুক্তিপণ হিসেবে ভিকটিম তার পরিবারের কাছে ফোন দিয়ে ৭৫ হাজার টাকা নিয়ে অপহরণকারীদের প্রদান করে। অপহরণকারীরা আরও ৭৫ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে অপহরণকারী দুলালের বাসায় আটকে রাখে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে মূলহোতাসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ সময় ভিকটিমকে উদ্ধারসহ ভিকটিমের দেওয়া ৫০ হাজার টাকা জব্দ করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।