একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন বিভাগ এবং দপ্তরের কার্যক্রম সম্পর্কে জ্ঞান অন্বেষণের লক্ষে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৬ শিক্ষার্থী পাবনার সুজানগরে এসেছেন। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সিনিয়র প্রফেসর ডঃ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ওই অনুষদের চতুর্থ বর্ষের ৪৬জন শিক্ষার্থী সুজানগরে আসেন। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রাক্তন ছাত্র মোঃ তরিকুল ইসলাম জানান, জনগণের ভাগ্য উন্নয়নে সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন অফিস আদালতে পরিচালিত কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষে সুজানগরে আসা ওই সকল শিক্ষার্থীদের স্থানীয় ডাক বাংলাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা ডাক বাংলায় অবস্থান করে সুজানগর উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং দপ্তরের কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করছেন। শিক্ষার্থী তানজিলা আফরিন বলেন মাঠ পর্যায়ের এ জ্ঞান অর্জন আমাদের ভবিষ্যৎ কর্মময় জীবনে পাথেয় হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সিনিয়র প্রফেসর ডঃ মোঃ নাসির উদ্দিন বলেন আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধর। তারা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক শিক্ষা গ্রহণ করে নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে সরকারের বিভিন্ন বিভাগ এবং দপ্তরের গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করবেন। সেহেতু তাদের ওই বিভাগ এবং দপ্তর সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আর সে কারণে ওই সকল শিক্ষার্থীদের সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন অফিস আদালত সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য ৬দিনের এই জ্ঞান অন্বেষণ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের এ ট্যুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম সার্বিক সহযোগিতা করছেন বলে প্রফেসর ডঃ মোঃ নাসির উদ্দিন জানান। সেইসঙ্গে এই সহযোগিতার জন্য তিনি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।