মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। কৃষকের কষ্টে ফলানো রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষক। এবারে পাবনার চাটমোহরে রোপা আমন ধানের বাম্পা ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে উপজেলা কৃষি বিভাগ থেকে রোপা আমন ধানের ক্রপ কাটিং করা হয়েছে। তাতে বিঘাপ্রতি ফলন হয়েছে ২২ মণ। কৃষককেরা জানান,এবার রোগ বালাই ছিলনা বললেই চলে। আমনের শীষে দুলছে এ উপজেলার কৃষকের স্বপ্ন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,এবার চাটমোহর উপজেলায় ৭ হাজার ৪০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। শুরু হয়েছে ধান কাটা। ডিসেম্বরের মাঝামাঝিতে ধান কাটা শেষ হবে। উপজেলার ছাইকোলা গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান জানান,আবহাওয়া ভালো থাকায় এবার ধানের ভালেঅ ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভালো। হাট-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। গতকাল রোবার চাটমোহরের সর্ববৃহৎ অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে প্রতিমণ ধান বিক্রি হয়েছে ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকা। অন্যান্য বছরের তুলনায় এবার ধানের দাম বেশি বলে জানালেন হাটে ধান বিক্রি করতে আসা ডিবিগ্রামের কৃষক আজগর আলী।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানালেন,কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এবার ধানের ফলন ভালো হয়েছে। হাট-বাজারে ধানের দামে কৃষক লাভবান হবে।