কিংবদন্তী লেখক, গীতিকার, নাট্যকার, চলচিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে “ আমার আছে জল” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৭৪” অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে শনিবার রংপুর নগরীর কামাল কাছনায় সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ে অনুষ্ঠানের পরিচালক জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনা ও পরিচালনায় অতিথি ছিলেন গীতিকার এবং শিশু সাহিত্যিক, রংপুর এস এম খলিল বাবু। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর কন্ঠশিল্পী আলমগীর প্রধান, গীতিকার বেলায়েত হোসেন, জয়ন্তী রাণী, সুস্মিতা বনিক,সুশান্ত সরকার প্রমুখ। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের জীবনকর্ম ও দর্শন নিয়ে আলোচনা এবং শিশু-কিশোরদের বিকাশে হুমায়ূন আহমেদের রচনাবলী,বাংলা সাহিত্য ও সংগীত চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পাশাপাশি হুমায়ূন আহমেদের গান পরিবেশন করেন আলমগীর প্রধান ও জীবন কুমার পোদ্দার, শিক্ষার্থী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন এবং সূপর্না সরকার জয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, রংপুর এর যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল ও (কী-বোর্ড) আলমগীর প্রধান। উল্লেখ্য শিশু- কিশোরদের সংগঠনের অন্তর্ভুক্ত করে তাদের মানসিক ও নৈতিক বিকাশ সাধনের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত এ সংগঠন টি নিয়মিত ভাবে নানা ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে।