চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।
এসময় তিনি বলেন, আজ আমরা একটি স্বাধীন জাঁতি ও দেশ হিসেবে পৃথিবীর বুকে অবস্থান করছি বীরমুক্তিযোদ্ধাদের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা কোন কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আত্মত্যাগকে স্মরণিয় এবং মুক্তিযোদ্ধারা যাকে স্বাচ্ছন্দে থাকতে পারে সেজন্য বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দিচ্ছেন। তাদের সম্মানি ভাতা ২০ হাজার পর্যন্ত বাড়িয়েছেন। গৃহহীণদের ঘর করে দিচ্ছেন। চিকিৎসা সুবিধা দিচ্ছেন। সর্বশেষ ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডিকার্ড দেয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা নুতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর সাথে সাথে বাংলাদেশ আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে কাজ করতে হবে। নিজেদের পরিবারের বাইরে এলাকাবাসীকে বোঝাতে হবে উন্নয়ন ও দেশের অগ্রগতি ধরে রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধাকালিন এফ.এফ প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান।
আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন অতিথিবৃন্দ।