খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদাকে সমুন্নত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিস্কিনপুর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার নিরলস পরিশ্রম এবং দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাধারা, সংবেদনশীলতা সকল কিছুর মধ্যে দিয়েই আজকে এদেশের নারীরা দৃশ্যমানভাবে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের দেশের নারী সমাজকে জাগ্রত করতে হবে। কেননা, দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, কাজেই তাদের পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। এটা জাতির পিতা যেমন মনে করতেন, তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনে করে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দু:স্থ, অসহায় ও পিছিয়ে পড়া নারীদের জন্য ভিজিএফ, ভিজিডি, দু:স্থ ভাতা, মাতৃকালীন ও গর্ভবতী মায়েদের ভাতা, স্বামী পরিত্যাক্তদের জন্য ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছেন। তাই দেশের উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন উদ্বোধন করেন পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বেগম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রীমতি কমলা রানী। এ সময় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: বেগম ও সাধারন সম্পাদক নাজমা খাতুনের নাম ঘোষনা করেন। পরে বিকালে তিনি পাঁচড়াই মাঠে পাঁচড়াই অগ্রদুত সবুজ সংগের আয়োজনে চুড়ান্ত ফুটবল খেলার উদ্বোধন এবং খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন।