নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এক ইউপি চেয়ারম্যানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। ৪ নভেম্বর রাতে সৈয়দপুর বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে আটক করে।
আটক চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিমানবন্দর পুলিশ জানায়, আটক আবদুর রাজ্জাক মিলন রাত ৮ টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। বোর্ডিং পাস নেয়ার সময় তার শরীর তল্লাশী করা হয়। এ সময় আবদুর রাজ্জাক মিলনের শার্টের পকেটে রাখা ১৫টি ইয়াবা পাওয়া যায়। এপিবিএন, বিমানবন্দর ইউনিটের ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পরে রাত প্রায় আড়াইটার সময় আটক চেয়ারম্যানকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক সফিকুল ইসলাম বাদী হয়ে আবদুর রাজ্জাক মিলনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। পরদিন ৫ নভেম্বর আসামিকে আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য পরিদর্শক সফিকুল ইসলাম জানান,বিমানবন্দরে দায়িত্বরত আর্মস ব্যাটালিয়ান পুলিশ ওই চেয়ার ম্যানের দেহ তল্লাশী করে ইয়াবা পেয়ে তাকে আটক করে। পরে সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে ইয়াবাসহ চেয়ারম্যানকে থানায় হস্তান্তর করি এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে চেয়ারম্যানের সহযোগি মুসা মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।