ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছেন ব্যবসায়ী সুবির সাহার স্ত্রী খুকি সাহা। বাড়ির গেইটের কাছে যেতেই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কতক দুর্বৃত্ত গায়ের স্বর্ণালংকার ছিনতাই করতে চোখে মুখে ছিটিয়ে দেয় মরিচের গুড়া। হঠাৎ মরিচের গুড়ার ঝালে আর্তচিৎকার করে উঠেন খুকি সাহা। এ সময় ছিনতাইকারীরা তার হাতে, গলায় ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খুকি সাহার চিৎকার ও মুর্ছা যাওয়া অবস্থা দেখে তার দুসন্তানও চিকিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে চলমান ধর্মীয় অনুষ্ঠান থেকে নারী পুরুষ ছুটে যায় তার বাড়ির দিকে। পরিস্থিতি দেখে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২টায় কটিয়াদী পশ্চিমপাড়া মহল্লায়।
জানা যায়, কটিয়াদী পশ্চিমপাড়া লোকনাথ মন্দিরে সাতদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান (কির্তন) চলছে। প্রতিদিন সন্ধ্যার পর সনাতন ধর্মাবলম্বি ভক্তরা কির্তনে যোগদেন। রাতগভীর পর্যন্ত সেখানে অবস্থান করেন। মন্দিরের কাছাকাছি ব্যবসায়ী সুবির সাহার বাড়ি। ওই সভা থেকে রাত সাড়ে ১২টার দিকে সুবির সাহার স্ত্রী খুকি সাহা তার দুই সন্তানসহ বাড়ি ফিরছেন। বড়ির গেইটের কাছে যেতেই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা করে। তাদের চিকিৎকারে লোকজন চলে আসায় দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। কিন্তু চোখে মুখে মরিচের গুড়ায় তিনি আহত হয়ে কাতরাতে থাকে। তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তৎক্ষনাৎ তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কটিয়াদী বাজারের পাট ব্যবসায়ী সুবির সাহা বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে কাতরাতে দেখি। তার চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
কটিয়াদী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল বর্মন বলেন, ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর আক্রমণের ঘটনা কটিয়াদীতে পূর্বে কখনো ঘটেনি। এতে সনাতন ধর্মাবলম্বিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী ভক্তদের মধ্যে ব্যাপক ভয় সৃষ্টি হয়েছে। এ ধরণের ঘটনা ঘটতে থাকলে নারী ভক্তরা ধর্মীয় অনুষ্ঠানে যোগদিতে সাহস ও উৎসাহ হারিয়ে ফেলবে।
কটিয়াদী মডেল থানার ওসি(তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। কিন্তু তার আগেই গৃহবধূকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ঘটনা অনুসন্ধানে পুলিশ তৎপর রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার প্রকৃত দোষীদের খোঁজে বের করা হবে।