অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় কারাগারে থাকা চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ¥ীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান এখনও স্বপদে বহাল রয়েছেন। কারাগারে থেকেই ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন তিনি। যদিও স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী আরও আগেই তার বরখাস্ত হওয়ার কথা। কিন্তু সেলিম খান এখনও চেয়ারম্যান পদে বহাল থাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। স্থানীয়রা মনে করছেন, প্রভাবশালী চক্র নানামুখী তদবিরের মাধ্যমে সেলিম খানকে এখনও চেয়ারম্যানের পদে বহাল রেখেছে। এদিকে সেলিম খানের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগকে পরিষদের স্বার্থের পরিপন্থী এবং প্রশাসনের দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বিধায় শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
সেলিম খানকে কারাগারে পাঠানোর বিষয়টি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গত ১৬ অক্টোবর চিঠি দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক কামরুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের মামলায় গত ১২ অক্টোবর লক্ষ¥ীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানকে কারাগারে পাঠানোর বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান পরিষদের প্যানেল চেয়ারম্যান।
চিঠিতে আরও বলা হয়, ‘সেলিম খানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে দুদকের মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এবং অপরাধ আদালত কর্তৃক আমলে নেওয়ায় স্থানীয় সরকার আইনের (৩৪)১ ধারা অনুসারে ওই চেয়ারম্যান কর্তৃক ক্ষমতা প্রয়োগ পরিষদের স্বার্থের পরিপন্থী এবং প্রশাসনের দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বিধায় শাস্তিযোগ্য অপরাধ’, উল্লেখ করে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবেদন দিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের মধ্যে ফাইল চালাচালি হচ্ছে। দুই-একদিনের মধ্যেই সেলিম খানকে চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান বলেন, ‘নথিটি চলমান আছে। যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেবে তখন আমরা জানাতে পারবো। এর আগে কিছু বলতে পারছি না।’
যা আছে ইউনিয়ন পরিষদ আইনে-------
‘আইনের ৩৪(১) ধারায় যে ক্ষেত্রে কোনো পরিষদের চেয়ারম্যান বা সদস্যের বিরুদ্ধে উপণ্ডধারা (৪) এ বর্ণিত অপরাধে অপসারণের জন্য কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে অথবা অপরাধ আদালত কর্তৃক আমলে নেওয়া হইয়াছে, সেইক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের মতে চেয়ারম্যান অথবা সদস্য কর্তৃক ক্ষমতা প্রয়োগ পরিষদের স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হইলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে চেয়ারম্যান অথবা সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে।’
ওই আইনে আরও বলা হয়, ‘(২) উপণ্ডধারা (১) এর অধীনে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করা হইলে আদেশ প্রাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যান ধারা ৩৩ এর বিধানমতে নির্বাচিত প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করিবেন এবং ওই প্যানেল চেয়ারম্যান সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অথবা চেয়ারম্যান অপসারিত হইলে তাহার স্থলে নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিবেন।’
উল্লেখ্য, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকা লোপাট চেষ্টা ও বহু বছর ধরে পদ্মা-মেঘনা নদীতে বিপুল সংখ্যক ড্রেজার বসিয়ে অপরিকল্পিত বালু উত্তোলন করে অবৈধ বালু ব্যবসার সূত্র ধরে আলোচনায় আসেন ইউপি চেয়ারম্যান সেলিম খান। তার অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে প্রশাসন। বন্ধ করা হয় নদী থেকে বালু উত্তোলন, ঠেকিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে ৩৫৯ কোটি টাকা লোপাটের চেষ্টা। এরইমধ্যে এসব বিষয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। সেলিম খানের অঢেল অবৈধ সম্পদের সন্ধান পেয়ে মামলা দায়ের করা হয়। অপরদিকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তাদের তৎপরতায় বিজ্ঞ উচ্চ আদালত থেকে সেলিম খানের বিপক্ষে একাধিক রায় আসে। এর ফলে সেলিম খানের বালু উত্তোলন, দুর্নীতি ও অপকর্ম চূড়ান্তভাবে বন্ধ হয়। সর্বশেষ দুদকের মামলায় গত ১২ অক্টোবর আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
দুদকের মামলার এজাহারে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতি পূর্ণভাবে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম খান যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসঙ্গতি পাওয়া গেছে।
লক্ষ¥ীপুর মডেল ইউনিয়নের লক্ষ¥ীপুর মৌজায় সেলিম খানের ১৯ দশমিক ৮৯ একর জমি, ঢাকার কাকরাইলে আজমিন নামে একটি পাঁচতলা ভবন, কাকরাইলে ৭১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড় এলাকায় ১০ তলা বাড়িসহ মোট ২৬ কোটি ৪২ লাখ ৩২ হাজার ২১ টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে। এছাড়া, তার ছয়টি ড্রেজার, তিনটি প্রাইভেটকার, জিপ, একটি পিস্তল, একটি শটগান, আসবাবপত্র, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল, ইলেকট্রনিক সরঞ্জামাদি, নয়টি সিনেমা নির্মাণ ও আমদানিতে বিনিয়োগ, ৫৮টি সিনেমা নির্মাণে অনুমতির নিবন্ধন ফি জমা, ব্যাংক হিসাবে জমা ও হাতে নগদসহ আরও ১১ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৩৬৪ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, স্থাবর-অস্থাবর মিলে সেলিম খানের ৩৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার ৩৮৫ টাকার সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পারিবারিক ও অন্যান্য বাবদ রয়েছে এক কোটি ছয় লাখ ৩৮ হাজার ৩১০ টাকা। এসব সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য চার কোটি ১৪ লাখ ২৪ হাজার ৫৭৬ টাকা আয়ের তথ্য-প্রমাণ পাওয়া গেলেও বাকি ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত। সে একবার নির্বাচিত হয়ে পরবর্তী ৫ বছর আদালতে রিট করে দায়িত্ব পালন করেন। এরপর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে চেয়ারম্যান পদে বহাল আছেন সেলিম খান।