চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে পচা বাসি ইলিশ মাছের উপর
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ০১/১১/২০২২ তারিখ দুপুর ১২ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
সুচিত্র রঞ্জন দাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই মাছ ঘাট হতে পচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় যা বিক্রির জন্য বাজারে আনা হয়েছিল। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক পূর্বেই পালিয়ে যান। তাই প্রকাশ্যে একাধিকবার ঘোষণা করলেও কেউ মাছের মালিকানা দাবী উপস্থাপন করেননি। ওই মাছ পচা ও খাওয়ার অযোগ্য মর্মে উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মতামত দেন। জব্দকৃত মাছ পচা ও খাওয়ার অযোগ্য বিধায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই মাছ মাটিতে পুঁতে ফেলার রায় উপস্থিত জনতার সম্মুখে প্রকাশ করেন। পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর সদর, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর, চাঁদপুর সদর থানার পুলিশ টিম, পুলিশ লাইন্সের পুলিশ সদস্য ও কোস্টগার্ডের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
জনসেবায় এরূপ মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।
এদিকে বিভিন্ন সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণের জন্য সাগর ও দেশের নদনদীতে মাছ না ধরার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার।ওই সময় আইন অমান্য করে সাগর ও উপকূলের কিছু ট্রলার জেলেরা ইলিশ শিকার করে।
নিষেধাজ্ঞা উঠে যাবার পর চুরিচামারি করে ধরা ওই এলাকার
বাসি পচা ইলিশ বিক্রির জন্য চাঁদপুর মাছঘাটে নিয়ে আসে।গত ৩/৪ দিন যাবৎ বিভিন্ন আড়তে প্রচুর পচা ও বাসি ইলিশ বিক্রি হয়েছে।চাঁদপুরকণ্ঠসহ গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার চাঁদপুর মাছঘাটে বাসি ও পচা ইলিশের উপর অভিযান করে ভ্রাম্যমান আদালত। এ সময় বাবুল হাজীর আড়ত থেকে ৫'শ কেজি খাবার অযোগ্য পচা ইলিশ জব্দ করা হয় এবং সেই মাছ মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।