চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়নের বাজারে এক যুগেরও বেশি সময় ধরে চলা ২ ঘন্টার জমজমাট কবুতরের হাটটি দিন দিন জনপ্রিয় হচ্ছে। দেশী বিদেশী রিষ্টপুষ্টু কবুতর কমদামে পাওয়া যায় বলে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার বিকালে দূরদুরান্তের ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে মুখরিত থাকে এই হাট। তবে রাস্তের পাশে হলেও কবুতরের এই বাজারটির সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইউপি চেয়ারম্যানসহ সকলের।
২৮ অক্টোবর শুক্রবার দুপুর ৩ টায় শুরু হওয়া এই কবুতরের হাট বিকাল ৫ টার মধ্যেই শেষ হতে দেখা যায়। আর এ বাজার থেকে নিয়মিত রাজস্ব আদায় হচ্ছে বলে জানালেন ইজারাদার শাহজাহান গাজী ও নূর মোহাম্মদ সর্দার। তারা আরও বলেন, আমরা ২ বছরের জন্য এই বাজারটি ইজারা এনেছি। প্রতিটি বিক্রি হওয়া কবুতরের জোড়া থেকে ১০ থেকে ১৫ টাকা করে আদায় করছি। পাশাপাশি সবাই যাতে নিরাপদে কবুতর কেনাবেচায় লেনদেন করতে পারে সেদিকেও নজর রাখছি।
বিক্রেতারা বলছেন, হুমা, বাংলা, গিরিবাজসহ নানা প্রজাতির দেশী বিদেশী কবুতর মাত্র ৩শ’ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকায় এই হাটে বিক্রি করা যাচ্ছে। যাতে করে সহজেই কম সময়ে তারা কবুতর বিক্রি করে ফেলতে পারছেন। তাই ২ ঘন্টা বলা হলেও মূলত ১ ঘন্টার মধ্যেই শত শত জোড়া কবুতর এই হাটে নিমিষেই বিক্রি হয়ে যায়।
এদিকে বাজারের ক্রেতাগণ বলছেন, গম ও কবুতরের খাদ্যের দাম বাজারে বেড়েছে। তবে জনপ্রিয় এই ২ ঘন্টার কবুতরের হাটে এখনো কবুতরের দাম সাধ্যের মধ্যেই রয়েছে। তাই এক যুগেরও বেশি সময় পার হলেও এই বাজারটি তার জনপ্রিয়তা ধরে রেখেছে।
এ বিষয়ে চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, রাস্তার পাশে হলেও সুশৃঙ্খলভাবে যাতে ইজারাদারগণ বাজারটি পরিচালনা করতে পারে। সে সহযোগিতা করে যাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে।