রংপুরে গণসমাবেশের নামে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগের নেতারা। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি অভিযোগ করে বলেন, রংপুরে আওয়ামী লীগের বিলবোর্ডের উপর গণসমাবেশের বিলবোর্ড টাঙিয়েছে। যা একটি দলের প্রতি আরেকটি দলের প্রতিহিংসা। অবিলম্বে তাদের ব্যানার সরিয়ে নেয়া না হলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। গণসমাবেশের নামে নগরীতে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।
সাংবাদিক সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, আজকের মধ্যে আমাদের বিলবোর্ডের উপর থেকে যদি তাদের বিলবোর্ড না সরিয়ে নেয় তাহলে আমরা নিজেরাই তা সরাবো। বিএনপি একটা উশৃঙ্খল দল তারা বিভিন্ন জঙ্গী, মৌলবাদ, বোমাবাজ, গ্রেনেড হামলাকারীদের নিয়ে সমাবেশ করছে তারা এদের নিয়ায় পড়ে আছে। শান্তিপূর্ণ সমাবেশ হোক তারাই চায় না। বিএনপি নিজেরা দ্বন্দ্ব করে দোষ আমাদের ঘাড়ে চাপায়। তারা কোন দিনও শান্তিপুর্ণ সমাবেশ করতে চায় না তারা চায় গায়ে পড়ে ঝগড়া করতে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা জাসেম বিন জুম্মন, মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমানসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।