এখন হেমন্তকাল। ঋতুর পালাবদলে এরপরই আসবে শীত। ইতোমধ্যে চাটমোহরসহ চলনবিল অঞ্চলে আগমনী বার্তা দিচ্ছে শীত। ক্রমেই তাপমাত্রা কমছে অঞ্চলের ৯টি উপজেলায়। মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক,ভোরবেলায় কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। সকাল ৮টা নাগাদ কেটে যাচ্ছে সেই কুয়াশা। আর এ সময়ে মানুষজন শীত নিবারণের জন্য হালকা কাঁথা,কম্বল গায়ে জড়িয়ে নিচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে শীতের প্রভাব পড়েছে বলে স্থানীয়দের অভিমত।
ঋতুর এমন পরিবর্তনের কারণে ভ্যাপসা গরম থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে দেশের উত্তরের এই জনপদের বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন,শীতের জন্য তাদের গরম কাপড় পরে বের হতে হচ্ছে। সড়কের মোড়ে মোড়ে,বাজারে বিকেল থেকেই বিক্রি শুরু হচ্ছে শীতের পিঠা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে দেখা যায়,কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে এখানকার সড়ক,পথঘাট। তাই দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। ভোর রাতের দিকে ঘন কুয়াশা থাকার কারণে শীত অনুভূত হচ্ছে বলে জানালেন এলাকার মানুষ। তাদের ধারনা এবার শীতের তীব্রতা বাড়তেপারে। নভেম্বরের প্রথম দিকে শীত নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী আবহাওয়া অফিস।