'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সকালে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার সরকার।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসীন আলী, ভাঙ্গুড়া বিটিএম কলেজের অধ্যক্ষ বদরুল আলম প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।