ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বৈদ্যুতিক খুঁটি নিয়ে পানিতে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মারা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। অপর দিকে সোমবার রাতে একই উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামের আলমগীর হোসেন(৩৫) নামে এক যুবক মাছ ধরতে গিয়ে মারা গেছে।
জানাযায়, নবীনগর উপজেলার টিয়ারা গ্রামে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই লাইন মেরামত করতে লাইনম্যান রিপন খুঁটিতে ওঠেন। এ সময় বাতাসে তোড়ে বিদ্যুতের খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিপন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্চ গ্রামের বাসিন্দা। তিনি নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনে লাইনম্যান হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করে নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক।
অপর দিকে একই উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামের মোহাম্মদ রহিজ মিয়ার ছেলে আলমগীর হোসেন সোমবার রাতে তিনপুকুরিয়া নামক স্থানে রাতে মাছ ধরতে যায়, ওই সময় একটি বড় শইল মাছকে চল দিয়ে আঘাত করে নিজেই ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করেন।