পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সেনগ্রামে (বওশা বাজারের অদূরে) কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই চলছে হাজী ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটা। এমনকি চলতি বছরের ট্রেড লাইসেন্সও নবায়ন করা হয়নি। নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন,কৃষি বিভাগের ছাড়পত্র,ইটভাটার লাইসেন্স,ভ্যাট বা আয়কর সনদ। বছরের পর বছর ইটভাটাটি চললেও সংশ্লিষ্ট দপ্তরের কোন পদক্ষেপ নেই অবৈধ এই ভাটার বিরুদ্ধে। বরাবরের মতো এবারও ভাঁটা শুরু করা হচ্ছে। শুরুতেই ইটভাটায় কাঠ পোড়ানোর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভাঁটা চত্বরে স্তুপ করা হচ্ছে শত শত মণ বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের কাঠ। এই ভাটার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ করেছেন এলাকার কৃষকসহ সচেতন মানুষ। তারা চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ১৯ অক্টোবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে,এই ইটভাটা সম্পূর্ণ আবাসিক এলাকাতে এবং চারপাশে জনবসতি। ভাটার কারণে আশপাশের আবাদি জমিতে ফসল উৎপাদন হচ্ছেনা। ভাটার ইট,বালু,খড়িসহ বিভিন্ন উপকরণ পরিবহণের জন্য সারাবছর নানা ধরণের যানবাহন চলাচল করে। যানবাহন চলাচলের ফলে সরকারি সড়কটি ভেঙে একাকার। ধূলিবালির কারণে এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এলাকার লোকজন এর প্রতিবাদ জানালে ভাটার অন্যতম মালিক মোঃ জায়েদ আলী ওরফে রতন মাস্টার নানাভাবে হুমকি-ধামকি দিয়ে থাকেন। এলাকাবাসী এই অবৈধ ইটভাটা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানিয়েছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার বিকেলে ইটভাটায় গিয়ে দেখা যায়,ভাটা চত্বরে কয়েক শত মণ কাঠ স্তুপ করা রয়েছে। ফসলি জমির পাশেই পুরোদমে চলছে ভাটার ইট কাটা ও পোড়ানোর প্রস্তুতি। কাঠ দিয়েই ইট পোড়ানো হবে মর্মে জানালেন এলাকার কয়েকজন। ইটভাটার মালিক উপজেলার মির্জাপুর উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জায়েদ আলী রতন জানান,তার সকল প্রকার কাগজপত্র আছে। কিন্তু তিনি তা দেখাতে পারেননি। হালনাগাদ ট্রেড লাইসেন্সেরও কোন বালাই নেই তার।
বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার হোসেন বললেন,হাজী ব্রিকস ফিল্ড নামের কোন ইটভাটা কোন প্রকার ট্রেড লাইসেন্স পরিষদ থেকে গ্রহণ করেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল বললেন,অভিযোগ দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইটভাটায় কাঠ পোড়ানোর কোন সুযোগ নেই।