২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বাগেরহাটের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। সমাবেশে বাগেরহাট থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলা নেতারা। বুধবার বিকেলে বিএনপি নেতা এম এ সালামের নেতৃত্বে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে। গনপরিবহন বন্ধ থাকলে প্রয়োজনে হেটে সমাবেশে যাবেন বলে জানান বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
তিনি বলেন, দুইদিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তই বলে দেয় বিএনপির পক্ষে সাধারণ মানুষের যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তাতে আওয়ামী লীগ ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। কিন্তু কোনো বাধাতেই আমাদের কর্মীদের দমিয়ে রাখা যাবে না। খুলনা শহরের দূরত্ব বাগেরহাট শহর থেকে চল্লিশ কিলোমিটার। প্রয়োজনে এই পথ আমাদের নেতা-কর্মীরা পায়ে হেটে যাবে।
জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, শাসকদল সমাবেশ বানচাল করতে যানবাহন বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। বন্ধের বিষয়টি মাথায় রেখেই নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু মানুষ ইতোমধ্যে খুলনায় চলে গেছে। বাকিরা বিকল্প যানবাহনে খুলনায় যাবে। সমাবেশে বাগেরহাট থেকে ২০ হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।