রাজশাহীর বাঘায় জুয়ার আসর থেকে আ.লীগ নেতাসহ ১১ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে আড়ানী ইউনিয়নের হরিপুর বাজারে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
বাঘা থানা সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের ৪ নম্বর হরিপুর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মন্টুর নেতৃত্বে হরিপুর বাজারে জুয়ার আসর বসতো। বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে।
আটকরা হলেন-উপজেলার আড়ানী ইউনিয়নের ৪ নম্বর হরিপুর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও হরিপুর গ্রামের উমর আলীর ছেলে রাজু আহমেদ মন্টু (৪৫), একই গ্রামের আবের আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৫), ইউনুস আলীর ছেলে রিপন আলী (৩০), মৃত নিজাম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে আনোয়ার হোসেন (৪৯), হযরত আলীর ছেলে আকবর হোসেন (৪৫), খাগড়বাড়িয়া গ্রামের মৃত আছের আলীর ছেলে আলিফ হোসেন (৪৫), বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামের মহসিন আলীর ছেলে ইসার উদ্দিন (৪০), মৃত আহাদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), প্রতাবপুর গ্রামের মৃত নরেন চন্দ্র প্রামানিকের ছেলে সপ্তম চন্দ্র প্রামানিক (৫০)।
এ সময় তিন সেট তাস, নগদ ৮ হাজার ৮৩০ টাকা, দুটি খেজুর পাতার পাটি জব্দ করা হয়েছে। অপরদিকে ওয়ান্টেভূক্ত পলাতক আসামি পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, স্থানীয় আ.লীগ নেতা রাজু আহমেদ মন্টুর নেতৃত্বে হরিপুর বাজারে দীর্ঘদিন থেকে জুয়ার আসর বসতো। গোপন সংবাদের ভিত্তিতে এক সাথে ১০ জনকে আটক করা হয়। তাদের নামে জুয়া আইনের মামলা দিয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।