বাগেরহাটের শরণখোলায় পরিবারের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মোঃ রাহাত (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র। সোমবার (১৭ অক্টোবর) উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাত বকুলতলা গ্রামের মোঃ হারেজ হাওলাদারের ছেলে ও সোনাতলা মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র।
প্রতিবেশী শামিম ফরাজি জানান, সকাল ৬টার দিকে রাহাত জমিতে দেওয়ার জন্য ঘরে রাখা কিটনাশকের বোতল থেকে বিষ খায়। খাওয়ার পরপরই ছটফট করতে থাকে। এরপর অজ্ঞান হয়ে পড়লে সাথে সাথে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থার অবনতি দেখে হাসপাতালের চিকিৎসক সদর হাসপাতালে নিতে বলেন। এ্যাম্বুলেন্স যোগে সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলেও জানান প্রতিবেশী শামিম।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার পল্লব বিশ্বাস জানান, শিশুটি পর্যাপ্ত পরিমানে বিষ খেয়েছিল। যা ওয়াশ করার মতো অবস্থা ছিলেনা। তাই তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছিলো। হয়তো পথেই মারা গেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, বকুলতলা গ্রামে একটি শিশু আত্মহত্যার কথা শুনেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।