জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারো দেশসেরা হয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ২০২১ সালের পর ২০২২ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি কর্পোরেশনের মধ্যে ১ম স্থান অর্জন করেছে রাসিক। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।
তিনি বলেন, আমাদের এ অর্জনে রোববার (১৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় রাজশাহী সিটি করপোরেশনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।
এদিকে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা প্রদান করায় রাজশাহীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।