সাফ জয়ের দশ দিন পর রংপুরে ফিরে খুশির সংবাদ জানিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অন্যতম খেলোয়াড় সিরাত জাহান স্বপ্না। বিদেশি ক্লাবে খেলার সম্ভাবনার কথা জানিয়ে তারকা এই খেলোয়াড় জানান, রংপুরের মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে দেখে আমি খুবই আনন্দিত হয়েছে। আমাকে এভাবে বরণ করে নেয়ায়, আমাকে সামনে ভাল করার জন্য অনুপ্রাণিত করবে।স্বপ্না আরও বলেন, বিদেশী ক্লাবে খেলার জন্য মৌখিকভাবে ৭ জনকে নির্বাচনের কথা বলা হয়েছে। এর মধ্যে আমার নামও রয়েছে। আমিও বিদেশী ক্লাবে খেলবো ইনশারআল্লাহ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায় ফুটবলার সিরাত জাহান স্বপ্না, সোহাগী কিসকো ও স্বপ্না রানী রায়। সেখানে তাদেরকে ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় সাংবাদিকদের সিরাত জাহান স্বপ্না বলেন, যখন আমি প্রথম ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন এলাকার অনেকে বাধা সৃষ্টি করেছিল। আমাদের সমাজের পুরুষেরা চায় মেয়েরা একটু পিছিয়ে থাক। এখন আমার সাফল্যে তারাও আনন্দ প্রকাশ করছে। পরিবর্তন শুরু হয়েছে। সামনে আমাদের আরও ভালো করতে হবে।
অপর সাফজয়ী খেলোয়াড় স্বপ্না রানী রায় বলেন, শিরোপা ঘরে আনতে পেরে আমরা গর্ব বোধ করছি। দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আরও ভাল কিছু করতে সবার সাপোর্ট চাই।
ঠাকুরগাঁওয়ে এই খেলোয়াড় আরও বলেন, ফুটবল খেলার শুরুতে অনেক বাধা এসেছে। হাফ প্যান্ট পড়ে মেয়েরা ফুটবল খেলছে বলে গ্রামের মানুষেরা কটূক্তি করেছে। এতেও আমরা থেকে থাকিনি। স্কুল পর্যায়ে খেলার সময় স্যারেরা অনেক সাপোর্ট করেছে। এখন সবাই উৎসাহ দিচ্ছে।
নারী ফুটবলার সোহাগী কিসকু বলেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা দেশের মানুষ আমাদের চিনেছে। আমরা চাই গ্রামের নারী ফুটবলাররা যেন গ্রামে খেলার সুযোগ পায়।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, স্বপ্নার প্রথম ফুটবল প্রশিক্ষক হারুন অর রশিদসহ রংপুর ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রীড়ানুরাগী সংগঠকরা উপস্থিত ছিলেন।
এদিকে বিমানবন্দরে বরণের পর ছাদখোলা জীপ গাড়িতে সিরাত জাহান স্বপ্নাসহ ৩ সাফজয়ী নারী ফুটবলারকে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করানো হয়। এরপর বেলা দেড়টার দিকে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে তিন খেলোয়াড়কে সংবর্ধিত করেন বিভাগীয় ও জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাসহ জেলা মহিলা ক্রীড়া সংস্থা। সেখানে সিরাত জাহান স্বপ্নাকে রংপুর সিটি করপোরেশন, জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল এসোসিয়েশন, জেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সাড়ে চার লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
পরে বিকেল পাঁচটায় রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরনী ইউনিয়নের পালিচড়া নয়াপুকুর স্টেডিয়ামে স্বপ্নাকে সংবর্ধনা প্রদান করা হয়।এর আগে সেখানে রংপুর ও দিনাজপুর জেলা নারী ফুটবল দলের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এবং প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।