রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক শিশু শিক্ষার্থীসহ আরো দুই জনের মৃত্যু হয়েছে। এতে আরো পাঁচজন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। এই ভয়াবহ দর্ঘটনায় ঘটনাস্থলেইশিশু শিক্ষার্থী সুরাইয়া আক্তার (১১), পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুরাইয়ার খালা স্মৃতি আক্তার (২২)ও অটোবাইকচালক জাহাঙ্গীর আলম(৪৫)।ততক্ষনাৎ আহতদের নাম ঠিকানা পাওয়া যায় নাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি সকাল ১০টার দিকে ইকরচালী বাজার থেকে যাত্রী নিয়ে তারাগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহন অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমাইয়া নামের এক শিশুর। আহত হন অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমসহ ছয়জন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুরাইয়ার খালা স্মৃতি আক্তার (২২)ও অটোবাইকচালক জাহাঙ্গীর আলম(৪৫)।
নিহত সুরাইয়া আক্তার ইকরচালী ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের ভুট্টু মিয়ার ২য় মেয়ে। সে ইকরচালী জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সুরাইয়ার খালা স্মৃতি আক্তারের বাড়ি পাশের গ্রাম দোলাপাড়ায়। সুরাইয়া দীর্ঘদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছিল। খালার সঙ্গে সে ইজিবাইকযোগে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেখাতে যাচ্ছিল। হাসপাতালের অদূরেই যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপরে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘বরাতি সেতুতে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও শ্যামলী পরিবহনের বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।