বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদের তীরবর্তী জেলেপাড়ার খোন্তাকাটা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ/২২, বাছাইতে তৃতীয় বারের মতো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। উপজেলার সর্বত্র আলোচিত সুসজ্জিত এবং দৃষ্টিনন্দন এ স্কুলটি ২০১৮ ও ২০১৯ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল।
১৯৯১ সালে জেলেপাড়া অধ্যুশিত এলাকার ক্ষুদে শিক্ষার্থীদের সুশিক্ষার জন্য স্থাপিত স্কুলটি ১৯৯৬ সালে রেজিস্ট্রেশন লাভ করে। বাড়তে থাকে ছাত্রসংখ্যা। বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থী সংখ্যা রয়েছে দুশতাধিক। শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানষ কন্যা শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি এক ঘোষণায় জাতীয়করণ লাভ করে।
এই স্কুলে মানসম্মত শিক্ষা সহ বিভিন্ন উন্নয়নে পদক্ষেপ নেন প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সহকারি শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটি, শিক্ষা বিভাগ সহ স্থানীয় ব্যক্তিবর্গ। স্কুলটি সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, স্কুল ভবনের ছাদে বিভিন্ন ধরনের ফল, ফুল, সবজি বাগান করা হয়েছে। স্কুল চত্বরে বঙ্গবন্ধু উদ্যান তৈরি, স্কুলের দেয়ালে বিভিন্ন মনীষীদের শিক্ষা মূলক বাণী লিখে সুসজ্জিত করা হয়েছে। যা দেখলে চোখ কেড়ে নেয়। এক কথায় প্রধান শিক্ষকের বিভিন্ন কর্মকান্ডের মধ্যে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। স্কুলটি অজপাড়াগাঁয়ে হলেও সুসজ্জিত এ স্কুলটির বাস্তব চিত্র ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য উপজেলার ১১৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের নিয়ে চলতি বছরের ১৫ মার্চ উপজেলা শিক্ষা বিভাগ মাসিক সমন্বয় সভা করেছেন। এ স্কুলটি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার মুহাঃ শাহ আলম স্বরেজমিনে দেখার জন্য ছুটে আসেন স্কুলটিতে।
এ স্কুলের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ বলেন আমার ইচ্ছে ছিল স্কুলটি যদি সরকারিকরণ হয় তবে উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলোচিত স্কুল গড়ে তুলবো। আমি সহকারী শিক্ষক ম্যানেজিং কমিটি, শিক্ষা দপ্তরের সহযোগিতায় তা করতে সক্ষম হয়েছি। মুজিববর্ষে প্রতিটি স্কুলে একটি করে বঙ্গবন্ধু উদ্যান করার সিদ্ধান্ত থাকায় আমি আমার স্কুলে বঙ্গবন্ধু উদ্যান স্থাপন করেছি।
বাগেরহাট পিটিআই'র আইসিটি ইনস্ট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) প্রভাষ কুমার বিশ্বাস এই স্কুলটি পরিদর্শন শেষে এ প্রতিনিধিকে বলেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থাপিত এ স্কুলের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদের আন্তরিকতায় সুন্দর করে নিজের স্কুলকে মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে সাজিয়ে তুলছেন। সুসজ্জিত প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ, মুক্তিযোদ্ধা কর্ণার, ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষে পানির ব্যবস্থা করা, অভিভাবকদের বসার জায়গা, দ্বিতীয় শিফটের ছাত্র-ছাত্রীদের বসার জায়গা করে দেয়া, নানাবিধ সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালিত হয় এ স্কুলে। আমি অসংখ্য স্কুল পরিদর্শন করেছি কিন্তু এমন সুন্দর করে স্কুল সাজানো যায় তা আমার জানাছিল না।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ¬ শাহ আলম বলেন শরনখোলার অজপাড়ায় খোন্তাকাটা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করায় ওই স্কুলের শিক্ষার মান, দেয়াল লিখন, ছাঁদ বাগান, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, বঙ্গবন্ধু উদ্যান তৈরিসহ সবকিছু চমৎকার লেগেছে। শিক্ষাবান্ধব সরকার স্কুলের উন্নয়নে প্রতিবছর সিলিপসহ বিভিন্ন ফান্ডের টাকা বরাদ্ধ দেয়। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক যদি পেশাগত দায়িত্বে আন্তরিক থাকেন তাহলে ওই জেলেপাড়ার স্কুলটির মত সকল শিক্ষা প্রতিষ্ঠান এভাবে গড়ে তোলা সম্ভব। উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি স্কুলের শিক্ষকদের অভিজ্ঞতা অর্জনের জন্য ওই স্কুল পরিদর্শন করাতে।