রংপুরে অনুমোদনহীন দুটি সাবান ফ্যাক্টরীতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও জেলা প্রশাসন। অভিযানে ইকবাল সোপ ও শাহ্ সোপ ফ্যাক্টরির দুই প্রতিষ্ঠানের মালিককে ১২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্রটি সংশোধন না পর্যন্ত প্রতিষ্ঠান দুটিতে সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত। এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মাহাবুবুর রহমান, মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই গোলাম মোর্শেদ, এসআই তছলিম উদ্দিন আহমেদ, এসআই স্বপন কুমার রায়, এসআই (আই.এইচ. লাকু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন জুম্মাপাড়া এলাকায় ইকবাল সোপ ফ্যাক্টরিতে অভিযান চালায় ডিবি পুলিশ ও জেলা প্রশাসন। অভিযানকালে ইকবাল সোপ ফ্যাক্টরি পরিচালনার বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অনুমোদনহীন এ ফ্যাক্টরীর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও স্বাস্থ্য সনদ না থাকাসহ কেমিস্ট ছাড়া পণ্য উৎপাদন, কর্মীদের সুরক্ষা অনিশ্চিত ও সঠিকভাবে মামামাল সংরক্ষণ না রাখার অসঙ্গতি দেখতে পায় অভিযানিক দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠান মালিক কলিমুল্ল্যাকে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত।
একই অভিযোগে জুম্মাপড়ার আরেক সাবান ফ্যাক্টরি শাহ সোপের মালিক জাকির হোসেনকেও ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ- প্রদান করা হয়েছে। একই সাথে ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান দুটিতে সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে মহানগর পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সবাইকে এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মানের ব্যাপারে সচেতন হতে হবে। স্বাস্থ্য সম্মত ও নিরাপদ পণ্য উৎপাদনে কারখানার মালিক ও শ্রমিকদেরকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।