ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে দিনে পিক-আপ ভ্যান চালক হলেও রাতে ছিনতাই করতেন মোঃ ইয়াছিন নামের এক যুবক। ছিনতাইয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে তাকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান, দেশীয় অস্ত্র, দুটি মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করে পুলিশ। আটক ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের মোঃ শওকত আলীর ছেলে। পুলিশ বুধবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে মামলাসহ তাকে আদালতে সপোর্দ করে।
পুলিশ জানায়, সোমবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে একটি বালুবোঝাই ট্রাক কুমিল্লা জেলার চান্দিনার দিকে যাচ্ছিল। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজার এলাকায় ছিনতাইকারিরা একটি পিক-আপ ভ্যান দিয়ে বালুবোঝাই ট্রাকটির গতিরোধ করে। পরে ট্রাক চালক সোহান আহামেদ ও হেলপার নূরুল আমীনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা নগদ ৭৮ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে ট্রাক চালক ও হেলপারের দেয়া ভাষ্যমতে পিক-আপ ভ্যানে থাকা মোবাইল নম্বর ও ইয়াছির পরিবহন লেখার সূত্র ধরে সারাদিন পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় পুলিশ খবর পায় ইয়াছিন নিজবাড়ি মহিউদ্দিননগরে অবস্থান করছেন। তাৎক্ষণিক পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। বিকালের দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আসাদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে চালক ইয়াছিন দিনে পিক-আপ ভ্যান চালাত ও রাতে সড়কের বিভিন্ন জায়গায় ছিনতাই করে বেড়াত। তিনি আরো জানান বাকি ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।