দেশে এখন আমনের মৌসুম চলছে। কৃষক জমিতে ইউরিয়া সার দেবার জন্য তৎপরতা চালাচ্ছে। কিন্তু সার পাওয়া যাচ্ছে না। সরকার বারবার বলছে, দেশে সারের সংকট নেই। কিন্তু সারা দেশেই কৃষক সারের জন্য হাহাকার করছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। সরকার ১ আগস্ট থেকে ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে ২০টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ২২ টাকা পুন: নির্ধারণ করেছে। কিন্তু নির্ধারিত এ দামের চেয়ে বেশি টাকা দিয়েও কৃষক তার চাহিদা মতো সার পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতির মাঝে ৪ সেপ্টেম্বর সকালে সারের দাবিতে জামালপুর সদরের শরিফ-পুর বাজার এলাকায় জামালপুর - ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কৃষকরা। একই ভাবে ৫ সেপ্টেম্বর সকালে চাহিদা অনুযায়ী ইউরিয়া সার না পেয়ে জামালপুর সদর উপজেলায় কয়েক শ কৃষক বিক্ষোভ করেন। এক ঘণ্টা স্থায়ী এ বিক্ষোভের ফলে জামালপুর - ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সড়ক বিক্ষোভ তুলে নেন কৃষকরা।
আমন ধান চাষের এ পরিচর্যার ক্ষেত্রে সময় মতো প্রয়োজনীয় সার না পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। অন্যদিকে সারের দাম বাড়াবার চার দিন পর হটাৎ করেই কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানো হলো ৩৪ টাকা প্রতি লিটারে। এবার বৃষ্টিপাত কম হওয়ায় আমনে পানির জন্য সেচের ওপর নির্ভর করতে হচ্ছে। অতিরিক্ত দামে ডিজেল কিনে ধানের পরিচর্যা করা মড়ার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে। সেই সাথে কৃষক চিন্তাগ্রস্ত হয়ে উঠেছে ডিজেল ও সারের অতিরিক্ত মূল্য দিয়ে উৎপাদিত ফসলের দাম ঠিক ভাবে পাবে কি না? সেই সাথে জ¦ালানি তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষিপণ্য পরিবহনের খরচও বেড়েছে। এত খরচ নির্বাহ করার পর কৃষক তার ফসলের উৎপাদন খরচ তুলতে পারবে কি?
এদেশে সারের জন্য আন্দোলন করতে গিয়ে কৃষক গুলিবিদ্ধ হবার নজির রয়েছে। সেচের পানি না পেয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। কৃষি প্রধান দেশে কৃষক তার কৃষিপণ্য উৎপাদনের জন্য আন্দোলন করে, এটা ভাবা যায় ? অথচ দেশ খাদ্যে স্বয়ং সম্পন্ন হলে তার কৃতিত্ব সরকার নেয়। কৃষকের কৃতিত্ব হারিয়ে যায় সরকারের নেতাদের বুলির দাপটে। অথচ মহামারি করোনা সংকট কালে দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছিল কৃষকরা ও প্রবাসী কর্মীরা। দেশে কৃষি জমি প্রতিদিন কমছে। জনসংখ্যা বাড়ছে। ফলে খাদ্য চাহিদাও বাড়ছে। কাজেই সার, সেচ সহ প্রযুক্তি নির্ভর কৃষি না হলে উৎপাদন বাড়বে কি করে? তাই চলমান আমন চাষের সময়ে দ্রুততম সময়ের মধ্যে কৃষকের কাছে সার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। শুধু কথায় নয়, কাজে সার সংকট দূর করতে হবে।