দেশের মানুষ চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করবে। সেই সরকারের অধীনেই এদেশে অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে। বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম একথা বলেন। প্রধান অতিথি আরও বলেন - দেশের মানুষের জীবন যাত্রা দূর্বিসহ করে তুলেছে বর্তমান সরকার। নিত্যপণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধিতে মানুষ আরও দিশেহারা হয়ে পড়েছে। এ সরকার দেশের মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপি দেশের মানুষের ন্যায্য অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের লড়াইয়ে রাজপথে থাকবে। এ লড়াইয়ে বিজয় অর্জনের মধ্য দিয়ে দেশকে গভীর সংকট থেকে উদ্ধার করতে হবে।
সোনালী ব্যাংকের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, যশোর পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম জেলা যুবদলের সভাপতি এমন তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনসারুল্লাহ ইসলাম রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান নিপুন, কাজী আবদুস সাত্তার সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।
নার্গিস বেগম আরও বলেন - স্বাধীনতার জন্য এদেশের মানুষ লড়াই করেছিল। সেই স্বাধীন দেশের মানুষ কারও গোলামীর জিঞ্জিবের জন্য যুদ্ধ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে সীমান্ত হত্যা বন্ধ করাসহ দেশের স্বার্থে তেমন করতে পারেননি। এজন্য চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিভিন্ন ইউনিয়ন থেকে সমাবেশে আসা দুই জন যুবদলের কর্মী আওয়ামী সমর্থিত সন্ত্রাসীর হামলার শিকার হয়েছেন। আহতরা নির্বাসখোলার শাওন এবং নাভারনের তরিকুল। এরা সমাবেশ স্থলের বিপরীতে ছোট সাহেব মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন।