বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী ইউনিয়নে সামাজিক সম্প্রীতি নামে সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পরিষদের ডিজিটাল সেন্টারের হল রুমে সংগঠনটির প্রকাশ ঘটে। এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টানা চার বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। ৩৪ সদস্য বিশিষ্ট সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন, ইউপি সচিব মো: গোলাম কিবরিয়া। সংগঠনটিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজন, স্কুল-মাদ্রাসার প্রধান সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের সুধীজন সংগঠনটিতে স্থান পেয়েছে। উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ বলেন, সমাজে শান্তিপূর্ণ বসবাসে সবার দায়িত্ব-কর্তব্য আছে। এজন্য আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। সহবাস্তনে সংখ্যালঘু, সংখ্যাগুরু কোনো কথা নয়, মিলেমিশে সবাই একইভাবে বাস করবেন এটাই বড় কথা। আমাদের ইউনিয়নের সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, এটা ঠিক রাখতে সবাই একসাথে কাজ করবেন আশা করি। সভায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সচিব গোলাম কিবরিয়া, ফুলবাড়ী পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ফুলবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মো: ইব্রাহিম ও বাবু সরোত্তম চন্দ্র বর্মন প্রমুখ।